ডিসেম্বর ২২, ২০২৫, ১০:২৫ এএম
জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও সংগঠনটির মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ঘোষিত ২ দফা দাবি আদায় না হওয়ায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দশ লাখের বেশি মানুষের উপস্থিতিতে ঘোষিত তাদের ২ দফা দাবির একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।
বিশেষ করে, হাদি হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সহ-স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে সরাসরি কোনো ব্যাখ্যা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
এছাড়া সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চরদের’ গ্রেপ্তার করে সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনের যে দাবি ছিল, তাও উপেক্ষিত রয়েছে বলে ইনকিলাব মঞ্চ অভিযোগ করেছে।ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার মতো গুরুতর ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের দাবি, তারা খুনি ফয়সালের ‘বন্দুকযুদ্ধ’ বা নাটক চায় না, বরং তাকে জীবিত গ্রেপ্তার করে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে।এই প্রেক্ষাপটে সরকারের অবস্থান ও আগামী দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করতেই আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ ও জুলাই আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন