শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার ৯

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০৭ এএম

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার ৯

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে এই হামলায় জড়িত মোট ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর আগে রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাকিব হোসেনকে ভিডিও ফুটেজে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি অংশ নিতে দেখা গেছে। তিনি তার ফেসবুক আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি পোস্ট করে উসকানি দিচ্ছিলেন। অন্যদিকে, গ্রেপ্তারকৃত মো. নাইম স্বীকার করেছেন যে তিনি হামলা চলাকালে ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। সেই লুটের টাকা দিয়ে তিনি ইতোমধ্যে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা পুলিশ উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত সোহেল রানা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যদেরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, গণমাধ্যম বা যেকোনো প্রতিষ্ঠানে এ ধরণের হামলা বরদাশত করা হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।