বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে : ইসি আনোয়ারুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:১৯ পিএম

এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে : ইসি আনোয়ারুল

আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে দেশের ইতিহাসের ‘সেরা নির্বাচন’ হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী যে এবার একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে।

এখানে সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। যদি সামান্যতম কোনো ত্রুটি-বিচ্যুতি বা সমন্বয়হীনতা আমাদের নজরে আসে, তবে কমিশন তা কোনোভাবেই সহজভাবে নেবে না।”

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাহস জুগিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন এবং আমরা শুধু আইনের কাছে দায়বদ্ধ। আপনারা যেহেতু কমিশনের অংশ, তাই আপনাদের দায়বদ্ধতাও কেবল আইনের প্রতি। নির্ভয়ে কাজ করুন।” তিনি আরও উল্লেখ করেন যে, ৫ আগস্টের পর থেকে প্রতিটি নির্বাচনী কার্যক্রম সাহসিকতার সাথে সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের নির্বাচন সফল করা পুরো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আট বিভাগের কমিশনার, ডিআইজি, ৬৪ জেলার ডিসি ও এসপিসহ মোট ২২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও এবং ওসিদের সম্মিলিতভাবে মাঠে নেমে কাজ করার জন্য ‘আকুল আবেদন’ জানান।