ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:৩৮ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আর কোনো ‘পতিত নির্বাচন’ হতে দেওয়া হবে না। বিগত তিনটি নির্বাচনকে ‘পতিত নির্বাচন’ হিসেবে অভিহিত করে তিনি সাফ জানিয়ে দেন, আগামী নির্বাচনে ভোটাররা তাদের মনের মতো প্রার্থীকে কোনো প্রকার বাধা ছাড়াই ভোট দিতে পারবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টার বক্তব্যের মূল পয়েন্টগুলো: উপদেষ্টা বলেন, সরকার নিজে থেকে কিছু করবে না, আপনার ভোটাধিকার আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে।
জনগণ চাইলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।তিনি জানান, নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং নির্ধারিত সঠিক সময়েই ভোট অনুষ্ঠিত হবে।ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য কেমন লোক নির্বাচন করছেন এবং নাগরিক হিসেবে আপনি কী অধিকার পাচ্ছেন—সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। এই সচেতনতা ছড়িয়ে দিতেই ‘ক্যারাভান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে ভোলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নির্বাচনি প্রস্তুতি পরিদর্শন করছেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর তিনি দুই দিনের সফরে ভোলা পৌঁছান এবং জেলা সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন