সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৩৫ পিএম

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর আশ্বাস না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বিক্ষোভ সমাবেশ থেকে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির খুনের বিচার নিশ্চিত না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না।

পরিস্থিতি বিবেচনা করে আমরা যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। তিনি আরও যোগ করেন যে, ১ হাজার ৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এলেও খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়া চরম লজ্জাজনক।

সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে জাবের বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই জনতা আপনাদের বিচার করবে।" তিনি প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? তিনি সরকারকে খুনিদের নাম প্রকাশ করার আহ্বান জানান এবং বলেন যে প্রয়োজনে জনতা সরকারকে পাহারা দেবে।

শুক্রবার জুমার পর থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে তীব্র শীত উপেক্ষা করে শত শত ছাত্র-জনতা অবস্থান করছেন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, খুনিদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের মাস্টারমাইন্ডদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শাহবাগ মোড়ে মুহুর্মুহু স্লোগানে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।