ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৫৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু আদালতে নিজেদের অপরাধ ও সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করা হয়। একই সাথে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজ ও বুলেটের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের জবানবন্দি গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর মধ্যে আসামি মারিয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে এবং সামিয়া ও সিপু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে আসামিরা জবানবন্দিতে হত্যাকাণ্ডের আগে ও পরে মূল পরিকল্পনাকারী ফয়সালের গতিবিধি এবং কর্মকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তারা আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা দীর্ঘ ছয় মাস ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় শরিফ হাদিকে গুলি করা হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডির ব্যালিস্টিক শাখার বিশেষ পুলিশ সুপারকে দ্রুততম সময়ে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন