ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৩৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে তদন্তকারী সংস্থাগুলোর হাতে চাঞ্চল্যকর সব তথ্য আসছে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা নয় বরং দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে এটি ঘটানো হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে যে হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ গত বছরের ২১ জুলাই সিঙ্গাপুরে গিয়েছিলেন।
সেখানে তিনি আত্মগোপনে থাকা কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সাথে গোপন বৈঠক করেন। পাঁচ দিনের সেই সফর শেষে ২৬ জুলাই দেশে ফেরার আগেই হাদিকে হত্যার নীল নকশা চূড়ান্ত করা হয় বলে ধারণা করা হচ্ছে।
সিঙ্গাপুরে ফয়সাল নিজেকে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফয়সালের বিদেশ ভ্রমণের তথ্য এবং ডিজিটাল রেকর্ডগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে আরও জানা গেছে যে ফয়সাল দেশে ফেরার পর তার স্ত্রী সাহেদা পারভীনকে ভবিষ্যৎ পরিস্থিতির ব্যাপারে আগাম সতর্ক করেছিলেন। এমনকি বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে পরিবারের জন্য একটি ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকাও জমা রেখেছিলেন তিনি। ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমার জিজ্ঞাসাবাদেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনে অবস্থানকালে ফয়সাল দম্ভ করে বলেছিলেন যে পরের দিন এমন কিছু ঘটবে যা পুরো দেশ কাঁপিয়ে দেবে। যদিও মারিয়া দাবি করেছেন যে তিনি এই ভয়াবহ পরিকল্পনার কথা জানতেন না।হত্যাকাণ্ড সংঘটিত করার পর ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে সীমান্ত পার করে ভারতে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর বিরুদ্ধে।
মিরপুরের এই সাবেক কাউন্সিলর ও তার ভগ্নিপতি আমিনুল ইসলামের সহযোগিতায় এবং দালাল ফিলিপ স্নালের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে। এই মামলায় এ পর্যন্ত ডিবি ও র্যাব ১১ জনকে গ্রেফতার করেছে। এদিকে শরিফ হাদির হত্যার বিচার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। তারা রাজধানীর শাহবাগ মোড়কে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ সংগঠক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন