ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৫১ পিএম
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে তিনি নতুন বছরে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে এবারের নববর্ষকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।
ড. ইউনূস সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করার আহ্বান জানান। তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
নববর্ষ মানেই নতুন স্বপ্ন ও সম্ভাবনার সূচনা উল্লেখ করে তিনি আরও বলেন, নতুনের এই আগমনী বার্তা সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে চলতে নবোদ্যম ও অনুপ্রেরণা জোগাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন