সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পোস্টাল ভোট দিতে ১১ লাখের বেশি নিবন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:০৮ পিএম

পোস্টাল ভোট দিতে ১১ লাখের বেশি নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে ব্যাপক সাড়া মিলেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ২৬৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোটারদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিবন্ধনের পরিসংখ্যান ও সময় বৃদ্ধি ইসি সচিবালয়ের তথ্যমতে, মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৯ লাখ ৮০ হাজার ৪২৪ জন এবং নারী ১ লাখ ৪৪ হাজার ৮৩৭ জন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পূর্বঘোষিত সময়সীমা আজ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রবাস ও দেশের অভ্যন্তরের ভোটারদের অনুরোধে তা ৫ দিন বাড়ানো হয়েছে।

পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসী, নির্বাচনী কর্মকর্তা এবং কারাবন্দিরা এই সুযোগ পাচ্ছেন।প্রবাসীদের মধ্যে শীর্ষে সৌদি আরবপ্রবাসী ভোটারদের মধ্যে নিবন্ধনে সবচেয়ে এগিয়ে আছেন সৌদি আরবের প্রবাসীরা। দেশভিত্তিক শীর্ষ তালিকা:

সৌদি আরব: ১ লাখ ৯৭ হাজার ১২ জন।

কাতার: ৬৮ হাজার ৬৬৮ জন।

মালয়েশিয়া: ৬৩ হাজার ৮৩ জন।

ওমান: ৫০ হাজার ৩৯ জন।

সংযুক্ত আরব আমিরাত: ৩১ হাজার ৫৫৫ জন।

দেশের ভেতরে শীর্ষে কুমিল্লা ও ফেনী-৩

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে মোট ৪ লাখ ৭১ হাজার ৭৮৪ জন নিবন্ধন করেছেন।

জেলাভিত্তিক: শীর্ষে রয়েছে কুমিল্লা (৮৮,৬৮২), এরপর ঢাকা (৮২,১৮৫) ও চট্টগ্রাম (৭৫,৫৮৯)।

আসনভিত্তিক: ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৪,১৩৯ জন, এরপর চট্টগ্রাম-১৫ (১১,৫৮৯) ও নোয়াখালী-১ (১১,৪৭৬)।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক টিমের লিডার সালীম আহমাদ খান জানান, গত ১২ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৪৫ হাজার ৭২৫ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। শুধুমাত্র গতকাল মঙ্গলবারই পাঠানো হয়েছে ২৭ হাজার ৪৪২টি ব্যালট। ইসি জানিয়েছে, নিবন্ধনের জন্য প্রবাসীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।