জানুয়ারি ১, ২০২৬, ০৫:১৪ পিএম
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমিত করবে কি না, তার উত্তর আগামীতে খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন,দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তাঁর সফর সংক্ষিপ্ত ছিল, তিনি জানাজায় অংশ নিয়েছেন এবং চলে গেছেন।
এটা একটা ভালো জেসচার (Good Gesture), এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না খোঁজাই ভালো।
তিনি আরও বলেন, জয়শঙ্করের সঙ্গে তাঁর কোনো একান্ত (ওয়ান টু ওয়ান) বৈঠক হয়নি। সেখানে পাকিস্তানের স্পিকারসহ অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। সবার সামনে যেটুকু কথা হয়েছে, তা ছিল নিতান্তই সৌজন্যমূলক। ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার কোনো সুযোগ ছিল না।ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উপদেষ্টা বলেন,এর উত্তর আপনাদের আগামীতেই খুঁজতে হবে।
তবে পাকিস্তানের স্পিকারের সঙ্গে জয়শঙ্করের হাত মেলানোর বিষয়টিকে তিনি সাধারণ সৌজন্যতা (Courtesy) হিসেবে উল্লেখ করেন।বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের আগমন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার প্রতিবেশী দেশগুলোতেও এক ধরনের যথেষ্ট পজিটিভ ইমেজ আছে। দলমত নির্বিশেষে তাঁর গ্রহণযোগ্যতা ও সম্মান রয়েছে। তাঁর জানাজায় সবাই অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার উচ্চপদস্থ প্রতিনিধিরা ঢাকা সফর করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন