শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেসসচিব

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৬:০৩ পিএম

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেসসচিব

মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের ট্যাক্স বা শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। আমদানিকৃত স্মার্টফোনের কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেসসচিব জানান, আমদানিকৃত মোবাইলের পাশাপাশি দেশে উৎপাদিত ফোনের ওপরও ট্যাক্স কমানো হয়েছে। আগে দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ছিল ১০ শতাংশ, যা এখন ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যবহৃত (Used) ও নিম্নমানের ফোনের বিষয়ে তিনি বলেন, বিদেশ থেকে প্রচুর ব্যবহৃত ফোন এনে কিছুটা মেরামত করে বিক্রি করা হয়। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকার ট্যাক্স বঞ্চিত হয়। নতুন শুল্ক কাঠামোর ফলে দেশে উৎপাদিত ভালো মানের ফোনের চাহিদা বাড়বে এবং দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে শফিকুল আলম জানান, ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

শিক্ষকদের পরামর্শ নিয়ে ১২৩টি পাঠ্যপুস্তকের ভুল সংশোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতিমধ্যে ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইগুলো সময়মতো পৌঁছে দিতে সরকার কাজ করছে।