সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:২৩ এএম

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত মোট ১২ লাখ ১৯ হাজার ১৪২ জন ভোটার নিবন্ধন করেছেন।

শুক্রবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১০ লাখ ৫২ হাজার ৩৩৩ জন এবং নারী ১ লাখ ৬৬ হাজার ৮০৭ জন।

নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে এই নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে, যা পূরণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

নির্বাচন কমিশন এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রবর্তন করেছে। মূলত প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া প্রথমে ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, ব্যাপক আগ্রহের কারণে সময়সীমা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছে, আগ্রহী ভোটাররা আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ বহু দেশ থেকে এই নিবন্ধন চলছে। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের লক্ষ্য হলো অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহ করা। অ্যাপে সফলভাবে নিবন্ধনকারীদের ঠিকানায় ইসি ব্যালট পাঠাবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তা পুনরায় ইসির কাছে ফেরত পাঠাবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকার প্রয়োগের দাবি পূরণ হতে যাচ্ছে।