শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

নতুন আরো একটি মেডিকেল কলেজ অনুমোদন দিল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:২৮ এএম

নতুন আরো একটি মেডিকেল কলেজ অনুমোদন দিল সরকার

মুন্সিগঞ্জ জেলাবাসীর জন্য সুখবর নিয়ে এল অন্তর্বর্তী সরকার। জেলাটিতে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবং প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দিতেই সরকারের এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় এই নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হলো। তবে এখনই সেখানে শিক্ষার্থী ভর্তি বা ক্লাস শুরু হচ্ছে না।

প্রজ্ঞাপনে স্পষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, প্রস্তাবিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হওয়ার সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম বা পাঠদান শুরুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ, বর্তমানে ভৌত অবকাঠামো নির্মাণ ও হাসপাতাল স্থাপনই অগ্রাধিকার পাবে।

এর আগেও বর্তমান অন্তর্বর্তী সরকার চিকিৎসা শিক্ষার প্রসারে নতুন প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে। গত বছরের ১১ নভেম্বর ঢাকার জুরাইনে ‘ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ’ নামে একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করার এবং চিকিৎসক সংকট দূর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।