জানুয়ারি ৪, ২০২৬, ১২:৩৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ রোববার (৪ জানুয়ারি)। সংসদীয় ৩০০ আসনের জন্য নিযুক্ত ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা আজকের বাছাই প্রক্রিয়া শেষে মোট বৈধ ও বাতিল হওয়া প্রার্থীর সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই যাচাই-বাছাই প্রক্রিয়া আজ শেষ হচ্ছে।ইসি সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
আপিল দায়েরের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০টি প্রশাসনিক অঞ্চলের জন্য ১০টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে।
এসব আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বাতিলের কারণ যুক্তিসঙ্গত না হলে আইন অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।১. আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে নির্ধারিত ফরমেটে জমা দিতে হবে। ২. মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ৩. একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দিতে হবে। ৪. আপিলের কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৫. নির্ধারিত অঞ্চলের বুথেই আবেদন দাখিল করতে হবে। ৬. ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ৭. আপিলকারী বা তাঁর মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে। তবে ৮টি নিবন্ধিত দল কোনো প্রার্থী দেয়নি। দলগুলো হলো—বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ।
বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। উল্লেখ্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করায় তারা এই নির্বাচনে অংশ নিতে পারছে না।তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন