সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এই পরীক্ষাটি সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে। আজ রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতেই পরীক্ষার সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়েছিল।

এবারের নিয়োগে দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী। নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও অধিদপ্তর সূত্রে জানা গেছে।