সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কারওয়ান বাজারে পুলিশ-ব্যবসায়ী দফায় দফায় সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৫:১৮ পিএম

কারওয়ান বাজারে পুলিশ-ব্যবসায়ী দফায় দফায় সংঘর্ষ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম স্থগিত এবং গ্রেপ্তারকৃত সহকর্মীদের মুক্তির দাবিতে আজ রোববার (৪ জানুয়ারি) রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার এলাকা। মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সকাল সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার মোড়ে কয়েকশ মোবাইল ব্যবসায়ী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর পুলিশ ব্যবসায়ীদের কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। তেজগাঁও থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে।কেন এই বিক্ষোভ? সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, অবৈধ ও অনঅফিশিয়াল হ্যান্ডসেট বন্ধ করতে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর (NEIR) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

এর ফলে জাতীয় ডেটাবেজে নিবন্ধিত নয় এমন ফোনগুলো মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে না। ব্যবসায়ীদের দাবি, এই পদ্ধতির ফলে সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। শুরু থেকেই তারা এই ব্যবস্থার বিরোধিতা করে আসছেন। আজকের বিক্ষোভ থেকে তারা অবিলম্বে এই কার্যক্রম স্থগিত করার এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবি জানান।