সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৫০ পিএম

খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি ইসলামাবাদের ‘ডিপ্লোম্যাটিক এনক্লেভ’-এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইশরাত জাহান।

এ সময় মিশনের প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান উপস্থিত ছিলেন। শাহবাজ শরীফের সঙ্গে আরও ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

শোক বইতে স্বাক্ষর শেষে শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।মোনাজাত শেষে শাহবাজ শরীফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের একজন অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।” তিনি কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে। আগামীতে দু’দেশের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করলেও শাহবাজ শরীফই প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে নিজ দেশে বাংলাদেশের মিশনে গিয়ে শ্রদ্ধা জানালেন।