জানুয়ারি ৬, ২০২৬, ০৬:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভা শেষে।
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন প্রশাসনকে অত্যন্ত স্বচ্ছতা নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কমিশন যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে আন্তকোন্দল কম থাকা এবং আচরণবিধি মানার প্রবণতাকে তিনি একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গুজব ও অপতথ্য ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি সাংবাদিকসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন যে গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ এবং এটি রোধে সব বাহিনী ও উইংগুলোর প্রস্তুতি অত্যন্ত শক্তিশালী।
চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার বলেন আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন