সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান নিশ্চিত করল ডিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৯:০৮ পিএম

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান নিশ্চিত করল ডিবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে দুবাই নয় বরং ভারতে অবস্থান করছেন বলে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেছিলেন যে তিনি বর্তমানে দুবাইয়ে আছেন।

ওই ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলেও ডিবি প্রধান স্পষ্ট করেছেন যে ভিডিও বার্তাটি সঠিক হলেও ফয়সালের অবস্থান সংক্রান্ত দাবিটি মিথ্যে। তদন্তের তথ্য অনুযায়ী ফয়সাল বর্তমানে ভারতে আত্মগোপন করে আছেন।

হাদি হত্যাকাণ্ডে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে যার মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেল চালক আলমগীর শেখ নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী সহ মোট ৫ জন এখনো পলাতক রয়েছেন। ডিবি প্রধান আরও জানান পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পীই ছিলেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

তদন্তে আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ভবিষ্যতে সম্পূরক চার্জশিট দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর পল্টনে হাদিকে গুলি করার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।