জানুয়ারি ৬, ২০২৬, ০৯:১১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের টপ প্রায়োরিটি।
ইতিমধ্যে অনেক রাজনৈতিক নেতাকে পুলিশের পক্ষ থেকে গার্ডম্যান বা দেহরক্ষী প্রদান করা হয়েছে এবং স্পেশাল ব্রাঞ্চ বা এসবি এই নিরাপত্তা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করছে।
নির্বাচনের ৩৭ দিন আগে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের প্রোফাইল সরকারের কাছে পরিষ্কার আছে বলে তিনি সতর্ক করেন।
প্রেস সচিব উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ে শরিফ ওসমান হাদির জানাজা তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার জানাজার মতো বড় ইভেন্টগুলো সফলভাবে সম্পন্ন করায় নিরাপত্তা বাহিনীর আত্মবিশ্বাস আরও বেড়েছে। গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে দেশজুড়ে থাকা ৪ লাখ মসজিদসহ মন্দির ও গির্জার মাধ্যমে প্রচারণার কাজ চলছে বলে তিনি জানান। এই গণভোটের মাধ্যমে আগামী ১০০ বছরের বাংলাদেশের দিকনির্দেশনা এবং জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি তৈরি হবে।
এদিকে যশোরে সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান যে এই ঘটনার সঙ্গে ধর্ম কিংবা সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই বরং চরমপন্থি রাজনীতির অভ্যন্তরীণ দলাদলি ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নির্বাচন কমিশনের আপিল শুনানি প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে প্রার্থীদের মনোনয়নপত্রের আপিল শুনানি কেবল দালিলিক প্রমাণের ভিত্তিতে হবে এবং সেখানে সবাই সমান ন্যায়বিচার পাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তি বা বিশেষ দলের পরিচয়ে কেউ পক্ষপাত পাবে না বলে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন