সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:২০ পিএম

নির্বাচনে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে এবার টানা ৭ দিনের জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিস্তারিত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র অনুযায়ী, ভোটের চার দিন আগে থেকে শুরু করে ভোটের পরের দুই দিন পর্যন্ত অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা বাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন এই বিশাল কর্মযজ্ঞে এবার ৭ লাখেরও বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। যার মধ্যে সবচেয়ে বড় অংশ থাকছে আনসার ও ভিডিপি সদস্যদের, যার সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ।

এছাড়া ভোটকেন্দ্র ও এর আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ৯০ হাজারের বেশি সদস্য মাঠে থাকবেন। পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করবেন। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে গুরুত্বভেদে ১৩ থেকে ১৮ জন সদস্য মোতায়েন রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পরিপত্রের মাধ্যমে এটি স্পষ্ট যে, নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

বিশেষ করে এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন ভোটারদের মনে আস্থা জোগাবে বলে আশা করছে নির্বাচন কমিশন। আগামী কয়েক দিনের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এই বাহিনীগুলোর অবস্থান ও টহল কার্যক্রমের বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে।