শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

পোস্টাল ব্যালট দিয়ে প্রচারণা চালালে যেসব শাস্তির ঘোষণা দিল ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৪:০২ পিএম

পোস্টাল ব্যালট দিয়ে প্রচারণা চালালে যেসব শাস্তির ঘোষণা দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্যালট পেপার বা খাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো হলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সংস্থাটি।

রোববার (১১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ডাকযোগে পাঠানো ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হতে পারে। পাশাপাশি নেওয়া হতে পারে অন্যান্য কঠোর আইনি ব্যবস্থা।

 ইসি’র এক বিশেষ বার্তায় বলা হয়েছে: ১. আপনার ব্যালট পেপার শুধু আপনিই সংগ্রহ করুন। ২. গোপনীয়তা রক্ষায় অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ৩. ব্যালট খামের ওপর কোনো স্লোগান বা রাজনৈতিক প্রচারণা লিখবেন না।ইসি জানায়, গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালট পাঠানোর কাজ গত ৮ জানুয়ারি রাতে শেষ হয়েছে। বর্তমানে ১২১টি দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছানোর প্রক্রিয়া চলছে।

আগামী ২১ জানুয়ারি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দ্রুত রিটার্নিং অফিসারের ঠিকানায় ব্যালট পাঠাবেন।বিদেশের পাশাপাশি দেশের ভেতরেও ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রতীক বরাদ্দের পর তাদের কাছেও ব্যালট পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৭ দিন সময় লাগতে পারে বলে ধারণা করছে কমিশন।পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এবার মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন, যা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটি বড় মাইলফলক।