শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে: সৈয়দা রিজওয়ানা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৫ পিএম

সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে: সৈয়দা রিজওয়ানা

আসন্ন ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠেয় গণভোটে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন “যদি সত্যি সংস্কার চান তবে উত্তরটা আমাদের ‘হ্যাঁ’ বলতে হবে।

রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন নির্বাচনের দিনে ভোটাররা যে দ্বিতীয় ভোটটি দেবেন সেটিই হবে গণভোট। তার মতে এটি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু শাসকগোষ্ঠী থেকে জনগণের দিকে ঘুরিয়ে দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ।

 উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন “যদি ‘হ্যাঁ’ না বলি বা চুপ করে নিষ্ক্রিয় থাকি তবে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগটি আমরা আরও অনেক বছরের জন্য হারিয়ে ফেলব। কাজেই সরকার যে সংস্কার প্রস্তাবগুলো করছে সেগুলো নিজে পড়ুন এবং বুঝুন।” তিনি জানান সংস্কারের পক্ষে জনমত গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যাখ্যামূলক নোট ও প্রচারণা চালানো হচ্ছে।

তিনি উপস্থিত সুধীজন ও সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন সংস্কারের পক্ষে মতামত জানানো কেবল একটি ভোট নয় বরং এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের সিদ্ধান্ত। তাই কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।ডিএনসিসির এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নাগরিকদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।