জানুয়ারি ১৩, ২০২৬, ১১:০৯ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস বা অনিয়মের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার (১২ জানুয়ারি) অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান জানান, সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
তবে অধিদপ্তর দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।গত ৯ জানুয়ারি (শুক্রবার) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষ হওয়ার ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কেউ প্রশ্নফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে দাবি করেন এই কর্মকর্তা। তিনি আরও জানান, পরীক্ষার ফল প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে মহাপরিচালক (ডিজি) দ্রুততম সময়ে ফল তৈরির স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
অধিদপ্তর জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র ফেসবুকে কর্মকর্তাদের নাম ও স্বাক্ষর জাল করে ভুয়া তথ্য ও তারিখ প্রচার করছে। এমনকি অনেক ক্ষেত্রে পরিচালকের নামও ভুলভাবে লেখা হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, গত ৩ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে তা স্থগিত করা হয় এবং পরবর্তীতে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই সাত দিনের বিলম্বের কারণে ফল প্রকাশের প্রক্রিয়া দ্রুততর করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে ডিপিই।বর্তমানে ওএমআর শিট মূল্যায়ন এবং আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানানো হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন