জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:২৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।আজ নির্বাচন কমিশনে মোট ৭০টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর বা বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে।নামঞ্জুর হওয়া ১৭টি আপিলের মধ্যে সাধারণ প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিষয়টি বহাল রাখা হয়েছে।তবে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা ২টি আপিলও কমিশন খারিজ করে দিয়েছে।
অর্থাৎ ওই দুই প্রার্থীর মনোনয়ন বৈধই থাকছে।শুনানি শুরুর প্রথম পর্বে মোট ৩৬টি আপিল নিষ্পত্তি হয়। এই সেশনে ২৯ জনের আপিল মঞ্জুর এবং ১২ জনের আপিল নামঞ্জুর করা হয়। এরপর শুনানির দ্বিতীয় পর্বে আরও ২৪টি আপিল মঞ্জুর এবং ৫টি আপিল নামঞ্জুর করা হয়। ধারাবাহিকভাবে চলা এই শুনানির মাধ্যমে অনেক হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন, যা আসন্ন নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে বলে মনে করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন