জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৫০ পিএম
জুলাই জাতীয় সনদ থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হচ্ছে বলে যে তথ্যটি ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন জুলাই সনদ নিয়ে বাজারে উদ্দেশ্যমূলকভাবে অনেক ভুল তথ্য প্রচার করা হচ্ছে যার সাথে বাস্তবের কোনো মিল নেই।আলী রীয়াজ তার বক্তব্যে বলেন কেউ কেউ বলছেন সংবিধানে বিসমিল্লাহ থাকবে না আবার কেউ কেউ প্রচার করছেন যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে এই সনদের মাধ্যমে মুছে দেওয়া হচ্ছে।
এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন জুলাই সনদ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনোভাবেই অস্বীকার করে না বরং এটি একটি গণতান্ত্রিক উত্তরণের দলিল।
আলী রীয়াজ আরও জানান যে জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার কোনো উল্লেখ নেই এবং রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়নি সেই বিতর্কিত বিষয়গুলোও এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। যারা এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তারা হয়তো ভুল বুঝছেন অথবা তাদের পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।আসন্ন গণভোট প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন যে বড় ধরণের সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে তুরস্ক ও তিউনিসিয়ার মতো দেশেও ভোটারদের কেবল হ্যাঁ অথবা না ভোট দেওয়ার সুযোগ রাখা হয়।
১৯৯১ সালের বাংলাদেশের গণভোটের উদাহরণ টেনে তিনি বলেন তখন রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরার জন্য মানুষ যেভাবে একক সিদ্ধান্তে ভোট দিয়েছিল ঠিক একইভাবে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতেই এই গণভোটের আয়োজন করা হচ্ছে। তিনি বিশ্বাস করেন জনগণের সরাসরি রায়ের মাধ্যমেই এই সনদের বৈধতা ও স্থায়িত্ব নিশ্চিত হবে।
প্রজাতন্ত্রের কর্মকর্তা ও নাগরিকদের গণভোটের প্রচারণায় অংশ নেওয়া নিয়ে একটি আইনি ও সাংবিধানিক ব্যাখ্যাও দেন তিনি। আলী রীয়াজ বলেন কোনো সাধারণ নাগরিক বা সরকারি কর্মজীবীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো সাংবিধানিক বা আইনি বাধা নেই। তবে কেউ যদি সুস্থির যুক্তি দিয়ে এই সনদের বিরোধিতা করতে চান তবে তাকেও বাধা দেওয়া হবে না। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলী রীয়াজ সকলকে অপপ্রচারে কান না দিয়ে সনদের মূল বয়ান পড়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন