জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫৯ পিএম
বিগত ১৫ বছরে দেশে কোনো নিরপেক্ষ বা প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় বর্তমানে জাতি একটি অত্যন্ত কঠিন সময় বা ‘পুলসিরাত’ পার করছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বৃহস্পতিবার পিআইবির কনফারেন্স রুমে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফারুক ওয়াসিফ মনে করেন এই ক্রান্তিকালে ভুল তথ্য বা অসতর্ক প্রতিবেদন বড় ধরনের জাতীয় সংকট তৈরি করতে পারে তাই গণমাধ্যমকর্মীদের অত্যন্ত সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক উল্লেখ করেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল একটি নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার মতো সাধারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। এটি জুলাই অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার ফসল। এই সরকারের প্রধান কাজ হলো ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা।
তিনি সংসদে উচ্চকক্ষ গঠন এবং সংরক্ষিত নারী আসন বৃদ্ধিসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মতো সংস্কারগুলোর গুরুত্ব তুলে ধরেন। প্রত্যাশার জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে জনমত তৈরি করা এখন সাংবাদিকদের অন্যতম কাজ বলে তিনি অভিহিত করেন।ফারুক ওয়াসিফ আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো নিয়ে বলেন যে প্রথাগত সাংবাদিকতার ধরন এখন বদলে গেছে। বর্তমানে সাংবাদিকদের ইউটিউবার ও ঠিকাদারদের মতো ‘পঞ্চম স্তম্ভের’ সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে যারা অনেক সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুজব ছড়ায়।
এই মিথ্যার বিরুদ্ধে লড়তে হলে সাংবাদিকদের তথ্যকে আরও আকর্ষণীয় ও অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করতে হবে। তিনি গতানুগতিক রিপোর্টিং বাদ দিয়ে প্রার্থীদের কাছে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ব্যাংক লুটেরাদের শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।নির্বাচন সাংবাদিকতা বিষয়ক এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৫০ জন সাংবাদিক অংশ নিয়েছেন যার মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য রয়েছেন ৪৫ জন।
কর্মশালার প্রথম দিনে প্রবীণ সাংবাদিক জিয়াউর রহমান প্রশিক্ষণ প্রদান করেন। আজ শুক্রবার প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীরা ফ্যাক্টচেকিং, ভেরিফিকেশন এবং অ্যাডভান্সড সার্চ নিয়ে হাতে-কলমে শিক্ষা নেবেন। ফারুক ওয়াসিফ আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন