সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন বিরোধীদের রুখতে গণভোটে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৭ পিএম

নির্বাচন বিরোধীদের রুখতে গণভোটে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো এবং একে সফল করা রাষ্ট্রের জন্য ‘ফরজে কেফায়া’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। 

তিনি মনে করেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।উপদেষ্টা নূরজাহান বেগম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষকে সংবিধানের জটিল তাত্ত্বিক দিক যেমন উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ—এসব বুঝানোর প্রয়োজন নেই। 

বরং একজন নাগরিকের প্রাত্যহিক জীবনে এই গণভোটের ইতিবাচক প্রভাব কী হবে, তা সহজভাবে বুঝিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনবিরোধী ও অশুভ শক্তি চায় না দেশে ভোট হোক; তাই জনগণকে যত বেশি এই প্রক্রিয়ায় যুক্ত করা যাবে, তারা তত দ্রুত পরাজিত হবে।

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ বিভাগের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য খাতের কর্মীদের তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, একটি সফল গণভোটই আগামী সাধারণ নির্বাচনের পথকে সুগম ও নিষ্কণ্টক করবে।