রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্র পাবেন অনলাইনে: ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১২:০৬ পিএম

সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্র পাবেন অনলাইনে: ইসি

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে যে এখন থেকে সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্র বা পরিচয়পত্র এবং গাড়ির স্টিকারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

এ লক্ষ্যে নির্বাচন কমিশন (https://pr.ecs.gov.bd/) নামক একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করেছে। সংবাদ সংগ্রহে ইচ্ছুক সাংবাদিকদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে এই পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। 

আবেদনগুলো যাচাই-বাছাই শেষে অনলাইনেই কার্ড ও স্টিকার ডাউনলোডের সুযোগ পাবেন সংবাদকর্মীরা।অনলাইনে আবেদনের ক্ষেত্রে সাংবাদিকদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। 

আবেদনকারীর ছবি, স্বাক্ষর, এনআইডি কার্ড এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের আইডি কার্ডের স্ক্যান কপি নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। ঢাকার সাংবাদিকদের কার্ড নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এবং স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের আবেদন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা অনুমোদন করবেন। সাধারণত সরকার অনুমোদিত দৈনিক, সাপ্তাহিক, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের নিয়মিত কর্মরত সাংবাদিকদের এই স্টিকার ও কার্ড প্রদান করা হবে। 

ইসি স্পষ্ট করেছে যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মিডিয়া লিস্টে নাম থাকা এবং নিয়মিত প্রকাশিত পত্রিকার সাংবাদিকরাই কেবল এই সুবিধা পাবেন। অসম্পূর্ণ তথ্য সম্বলিত কোনো আবেদন গ্রহণ করা হবে না।ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ইসি একটি কঠোর নীতিমালা বা গাইডলাইন প্রণয়ন করেছে। বৈধ কার্ডধারী সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারলেও গোপন কক্ষের ভেতর কোনো ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। 

একই সঙ্গে একটি কক্ষে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না এবং দশ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই ফেসবুক লাইভ বা সরাসরি সম্প্রচার করা যাবে না। সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে ভোটকেন্দ্রের কক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে যাতে ভোটগ্রহণে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলা এবং কোনো নির্বাচনি সামগ্রী স্পর্শ না করার জন্য সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।