রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৭ পিএম

কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারাগার পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার রক্ষা করে তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কারাবন্দিদের প্রতি মানবিক আচরণ এবং বৈষম্যহীন সুযোগ-সুবিধা নিশ্চিত করা কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার বক্তব্যে কারা প্রশাসনকে বিচারব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন যে অপরাধ দমন ও অপরাধীর সামাজিক পুনর্বাসনের প্রক্রিয়ায় কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গড়ে তুলতে হবে। দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করে তিনি সতর্ক করেন যে কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক সুবিধার লোভে কাজ করে, তবে সে রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেবে। সরকারি কর্মচারী হিসেবে জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ।

অনুষ্ঠানে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীরা বিভিন্ন শারীরিক কসরত ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে যারা কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রেখেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বছর ড্রিলে লিজা খাতুন এবং পিটি ও একাডেমিসহ সর্ববিষয়ে রায়হানা আক্তার সুবর্ণা প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া ফায়ারিংয়ে মানসুরা এবং আন আর্মড কম্ব্যাটে জুথি পারভীন শ্রেষ্ঠত্ব অর্জন করেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন নতুন কারারক্ষীরা কারাগারে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন।