বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

আজ বৈধ অস্ত্র জমার শেষ দিন, জমা না দিলে আইনি ব্যবস্থা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৩৩ পিএম

আজ বৈধ অস্ত্র জমার শেষ দিন, জমা না দিলে আইনি ব্যবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা আজ শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। গত ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, সব লাইসেন্সধারীকে তাদের আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় সমর্পণ করতে বলা হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কেবল অস্ত্র জমা দেওয়াই নয়, বরং ঘোষিত নির্বাচনী তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনও সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। তবে এই নির্দেশনার ক্ষেত্রে কিছু বিশেষ শিথিলতা রাখা হয়েছে। 

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী যাদের মনোনয়নপত্র বৈধভাবে গৃহীত হয়েছে, সেই প্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শনের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

নির্বাচনী সহিংসতা রোধ এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, আজ রাত ১২টার পর থেকে দেশের প্রতিটি থানায় বিশেষ অভিযান চালানো হবে। যদি কারো কাছে নির্দেশনার বাইরে বৈধ বা অবৈধ কোনো অস্ত্র পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর সরকার একটি নতুন নীতিমালা জারি করেছিল, যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তার জন্য রিটেইনার নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রের অপব্যবহার রোধ করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। নির্বাচনী প্রচারণায় কোনোভাবেই যেন অস্ত্রের মহড়া না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সব লাইসেন্সধারীকে আজকের মধ্যেই তাদের অস্ত্র নিকটস্থ থানায় হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।