সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাজারে এলো নতুন ১০ টাকার নোট, আসল চেনার উপায়?

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৪০ এএম

বাজারে এলো নতুন ১০ টাকার নোট, আসল চেনার উপায়?

আজ মঙ্গলবার বাজারে আসছে নতুন নকশার ১০ টাকার ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর করা এই নোটটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে এটি সারা দেশের অন্যান্য ব্যাংকিং শাখাগুলোতেও সহজলভ্য হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই নোটটির আকার ১২৩ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের নকশায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। 

পুরো নোটে গোলাপি রঙের আধিক্য চোখে পড়বে। নোটের সামনের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। বড় পরিবর্তন এসেছে নোটের পেছনের অংশে যেখানে গ্রাফিতি ২০২৪ এর ছবি যুক্ত করা হয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্যের কথা বলতে গেলে নোটটির বাম পাশে দুই মিলিমিটার চওড়া একটি সুতা রয়েছে। আলোর বিপরীতে ধরলে সেখানে ১০ টাকা লেখা স্পষ্ট দেখা যাবে। নোটটি নাড়াচাড়া করলে এই সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হয় যা আসল নোট চেনার অন্যতম প্রধান উপায়। 

এছাড়া ডান পাশে একটি বিশেষ প্যাটার্ন রয়েছে যা আলোর বিপরীতে ধরলে ১০ সংখ্যাটি ফুটে ওঠে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নোটের পাশাপাশি আগের সব নোট ও ধাতব মুদ্রা বাজারে প্রচলিত থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য আলাদাভাবে বিনিময় অযোগ্য নমুনা নোটও টাকা জাদুঘরে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।