ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৫২ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাঠ পর্যায়ের কাজে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের মোতায়েন করার যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংশোধিত নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় বা ভোটকেন্দ্রে সম্পৃক্ত করার বিষয়ে আপত্তি ও উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি এবং অন্যান্য কয়েকটি দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ক্যাডেটদের একটি বড় অংশই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত থাকতে পারে।
ফলে তাদের নির্বাচনী ডিউটিতে রাখা হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ তৈরি হতে পারে। এই অভিযোগ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইসি তাদের ভোটকেন্দ্রে মোতায়েন না করার সিদ্ধান্ত নেয়।
তবে ক্যাডেটদের দায়িত্ব পুরোপুরি বাতিল হয়নি। ইসির সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে তারা শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। বিদেশে অবস্থানরত এবং দেশের ভেতরের পোস্টাল ভোটারদের ব্যালট গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে ক্যাডেটদের কারিগরি ও শৃঙ্খলা বিষয়ক সহায়তা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন