সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:০৯ এএম

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের নির্বাচন বাতিলের বিধান রয়েছে। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় স্পষ্ট বলা আছে—যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

 নুরুজ্জামান বাদল যেহেতু নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত একজন বৈধ প্রার্থী ছিলেন, তাই আইনগত বাধ্যবাধকতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বাতিলের ঘোষণা জারি করবেন।উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। 

তাঁর মৃত্যুতে শেরপুর-৩ আসনে শোকের ছায়া নেমে এসেছে। ইসি জানিয়েছে, স্থগিত হওয়া এই আসনে পুনরায় নির্বাচনের জন্য পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে এই আসনের বর্তমান অন্যান্য বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না, তবে নুরুজ্জামান বাদলের দল চাইলে ওই আসনে নতুন করে প্রার্থী মনোনীত করার সুযোগ পাবে।