শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নবনির্বাচিত এমপিদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:১১ পিএম

নবনির্বাচিত এমপিদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়। আসন্ন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সংসদ ভবনের ভেতর ও বাইরে এখন চলছে শেষ সময়ের সাজ-সজ্জা। সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা প্রটোকল, নিরাপত্তা এবং আপ্যায়নসহ প্রয়োজনীয় সকল সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এমপিদের বরণ করে নিতে ভবনের ভেতর পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামোগত সংস্কারের কাজ প্রায় শেষ। সংসদীয় গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণকে ঘিরে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। 

সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মাওলা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা তৈরি না হয়।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগত অতিথিদের বসার ব্যবস্থা এবং গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা জোনের কাজও সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।