শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মূলত এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা দায়ীদের চিহ্নিত করতে এবং তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে আন্তর্জাতিক কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা কামনা করেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘের দপ্তরে একটি ‘নোট ভারবাল’ (আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র) পাঠিয়েছে। চিঠিতে হাদি হত্যার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। 

জেনেভা মিশন জানিয়েছে, জাতিসংঘ থেকে কোনো সাড়া বা প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় সংঘর্ষের সময় গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। 

উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, হাদি হত্যার প্রতিটি ধাপ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে।