ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করে অবশেষে জনসমক্ষে প্রকাশ করা হলো প্রধান উপদেষ্টাসহ সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয় যা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে সরকারের উপদেষ্টাদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীদের সম্পদের হিসাবও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনায় ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উপদেষ্টাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ান সাধারণ মানুষের জানার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এই সম্পদ বিবরণী প্রকাশের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রক্ষা করলেন। ২০২৪ সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি দেশবাসীকে কথা দিয়েছিলেন যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের হিসাব দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
দীর্ঘ দেড় বছর পর সেই প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটল আজ। তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং স্বচ্ছতা শুরু হবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই। উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশের এই উদ্যোগ সেই নৈতিক অবস্থানেরই প্রতিফলন।মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে যে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই বিবরণী প্রকাশ করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের সম্পদের হিসাব স্বচ্ছ থাকলে তা সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা পালন করে। ড. ইউনূস তার আগের বক্তব্যে আরও উল্লেখ করেছিলেন যে কেবল উপদেষ্টারা নন পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তাদের জন্যও সম্পদের হিসাব বিবরণী দাখিল করা নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। আজকের এই প্রজ্ঞাপন জারি সরকারি আমলা ও অন্যান্য দপ্তরেও স্বচ্ছতা নিশ্চিত করার পথে একটি বড় ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পদের বিবরণ জানতে এখানে ক্লিক করুন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন