সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বে টিকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৩৫ পিএম

বিশ্বে টিকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে গঠিত কনসালটেশন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমাদান উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। উপদেষ্টা বলেন শিক্ষা খাত কেবল চাকরির বাজার তৈরির মাধ্যম নয় বরং এটি জাতি গঠনের মূল ভিত্তি। 

ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।তিনি সন্তোষ প্রকাশ করে জানান মাত্র তিন মাসের স্বল্প সময়ে সম্পূর্ণ দেশীয় মেধা ও শ্রমে এই সংস্কার প্রস্তাবনা তৈরি করা হয়েছে। 

কোনো বিদেশি কনসালটেন্সি বা বিপুল অর্থ ব্যয় ছাড়াই নিজস্ব বিশেষজ্ঞদের ওপর আস্থা রেখে এই জটিল কাজ সম্পন্ন হয়েছে যা গর্বের বিষয়। কমিটির প্রণীত এই রূপরেখাকে একটি লিভিং ডকুমেন্ট হিসেবে উল্লেখ করে তিনি জানান সবার মতামতের ভিত্তিতে এটি আরও পরিমার্জিত করা হবে। 

সভায় কমিটির আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোকেও কেবল অর্থ বরাদ্দ নয় বরং শিক্ষা সংস্কারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান উপদেষ্টা।