বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৫৭ পিএম

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের ঠিক আগের রাতে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তরুণ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বিশেষ ও জরুরি বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সর্বোচ্চ ও নিরপেক্ষ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার হবে আইন, ন্যায় ও গণতন্ত্রের রক্ষাকবচ’—এমন শিরোনামে তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের দুঃসময়ে গত তিনটি নির্বাচনে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে দেওয়া হয়নি। 

কিন্তু জুলাই বিপ্লব-পরবর্তী এই নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন। তিনি বলেন, “ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সঠিক প্রয়োগ শুধু অপরাধ দমন নয়; বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষার পক্ষাবলম্বন।” সশস্ত্র বাহিনীকে আবারও জনগণের আস্থার প্রতীকে পরিণত করতে তিনি তরুণ কর্মকর্তাদের সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ইকবাল করিম ভূঁইয়া চারটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “ভেঙে পড়া পুলিশ ও জনপ্রশাসন যদি রাজনৈতিক চাপে কোথাও দুর্বলতা দেখায়, তবে সেনা কর্মকর্তাদের সাহসের সঙ্গে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।” এছাড়া ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে ভোটকেন্দ্র দখল, জাল ভোট বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 

অকারণে বলপ্রয়োগ না করে অপরাধ সংঘটনের আগেই দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শও দেন এই সাবেক সেনাপ্রধান। ভোটের মাঠে তার এই বার্তা তরুণ কর্মকর্তাদের মনোবল ও দায়িত্ববোধকে আরও শানিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।