রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীরবে দেশ ছাড়ার অভিযোগে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:১৯ এএম

নীরবে দেশ ছাড়ার অভিযোগে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব

মুখ খুললেন ফয়েজ তৈয়্যব

নীরবে দেশ ছেড়ে যাওয়ার খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নানা আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি বিদেশে যাওয়ার প্রকৃত কারণ ব্যাখ্যা করেন। 

ফয়েজ আহমদ জানান যে ৮ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তিনি আইসিটি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন এবং নির্বাচনে প্রযুক্তি নির্ভর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। 

১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস এবং সেদিন সহকর্মীদের সঙ্গে বিদায়ী ডিনারও করেছেন যার প্রমাণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন যে দেশের জন্য কাজ করতে এসে তিনি আর্থিকভাবে অনেক লোকসানের শিকার হয়েছেন এবং তার জমানো সব টাকা শেষ হয়ে গেছে। 

হঠাৎ দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি তার সন্তানের স্কুলের মিটিং এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে জানান যে তিনি রিটার্ন টিকিট কেটেই পরিবারের কাছে গেছেন এবং দীর্ঘ সময় পর পরিবারকে সময় দিতে চান। ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেন যে একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা আনার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং কোনো ধরনের অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন। 

টেলিকম সংশ্লিষ্ট কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য যে শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দায়িত্ব পালনকালে তিনি পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনে তার অবদানের কথা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।