ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:৩২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এখন সবার মনে প্রশ্ন জাগছে একজন সংসদ সদস্য রাষ্ট্র থেকে মাসিক কত টাকা বেতন ও কী কী সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। মূলত মেম্বার অব পার্লামেন্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী সংসদ সদস্যদের এই সুবিধাদি নির্ধারিত হয় যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫ হাজার টাকা।
তবে বেতনের বাইরেও তারা বিশাল অংকের বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য মাসিক ১২ হাজার ৫০০ টাকা এবং আপ্যায়ন ভাতা বাবদ ৫ হাজার টাকা বরাদ্দ থাকে। সবচেয়ে বড় অংকের বরাদ্দ থাকে পরিবহন খাতে যেখানে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা দেওয়া হয়।
এছাড়া অফিস পরিচালনার জন্য ১৫ হাজার টাকা এবং লন্ড্রি ও বিবিধ খরচের জন্য আরও সাড়ে সাত হাজার টাকা পান তারা। অর্থনৈতিক সুবিধার বাইরেও সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ অধিকার ভোগ করেন।
পাঁচ বছর পূর্ণ হলে তারা পুনরায় এই সুবিধায় নতুন গাড়ি আনতে পারেন। ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড় যেখানে বিমান বা রেলপথে যাতায়াতে উচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। এছাড়া দেশের ভেতর ভ্রমণের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ থাকে। চিকিৎসায় তারা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার সমমান সুবিধা ও মাসিক ৭০০ টাকা ভাতা পান।
দায়িত্ব পালনকালে কোনো দুর্ঘটনা ঘটলে ১০ লাখ টাকার বিমা এবং বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক তহবিল ব্যবহারের সুযোগ থাকে তাদের। সরকারি বাসভবনে টেলিফোন সংযোগ ও কল খরচ বাবদ মাসে ৭ হাজার ৮০০ টাকা সরকার বহন করে। উল্লেখ্য যে সংসদ সদস্যদের প্রাপ্ত সব ভাতাই আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে একজন সংসদ সদস্য বেতন ও ভাতা বাবদ প্রতি মাসে রাষ্ট্র থেকে বড় অংকের আর্থিক সুবিধা পেয়ে থাকেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন