ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:২০ পিএম
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার ১৫ ফেব্রুয়ারি সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় এই আহ্বান জানানো হয়। প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে যে মন্ত্রিপরিষদ সচিবের অব্যাহতি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও মনগড়া বক্তব্য প্রচারিত হচ্ছে যা অনভিপ্রেত।
প্রকৃত ঘটনা ব্যাখ্যা করে বার্তায় জানানো হয় যে ড. শেখ আব্দুর রশীদ সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছু সময় আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন।
তবে সেই সময় নির্বাচন খুব সন্নিকটে থাকায় মাঠ প্রশাসনের চেইন অব কমান্ড বজায় রাখা এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টা তাকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের অনুরোধ জানান। প্রধান উপদেষ্টার সেই অনুরোধ রক্ষা করে তিনি নির্বাচনকালীন সময় পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সুতরাং তার এই বিদায় নিয়ে কোনো ধরণের রাজনৈতিক বা প্রশাসনিক নেতিবাচক প্রচারণার সুযোগ নেই। প্রেস উইং স্পষ্ট করে দিয়েছে যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং তার নিজস্ব আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তাকে নিয়ে এমন অপতথ্য ছড়ানো রাষ্ট্রীয় শৃঙ্খলার পরিপন্থী বলেও মনে করছে প্রেস উইং। জনগণের প্রতি সঠিক তথ্য যাচাই করে নেওয়ার এবং যেকোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে এই বার্তায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন