ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৪৮ পিএম
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ানো অহেতুক অনুমাননির্ভর তথ্য এবং বিভ্রান্তিকর বক্তব্যের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অবস্থান পরিষ্কার করা হয়।
প্রেস উইং জানায়, ড. শেখ আব্দুর রশীদ সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন।
তবে সেই সময় নির্বাচন অত্যন্ত নিকটবর্তী হওয়ায় মাঠ প্রশাসনের চেইন অব কমান্ড এবং দাপ্তরিক কাজের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টা তাঁকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। প্রধান উপদেষ্টার সেই বিশেষ অনুরোধে সাড়া দিয়ে তিনি নির্বাচনকালীন সময় পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করতে সম্মত হন।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্টাংশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।উল্লেখ্য, ড. শেখ আব্দুর রশীদের স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, যিনি আজ দুপুরে সচিবালয়ে তাঁর নতুন দপ্তরে যোগ দেবেন।
প্রেস উইং সংশ্লিষ্ট সকলকে এই স্পর্শকাতর প্রশাসনিক বিষয়ে অপতথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই স্বাভাবিক পরিবর্তনকে নিয়ে নেতিবাচক প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে বার্তায় সতর্ক করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন