সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৫ আগস্টকে স্মরণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৯ পিএম

৫ আগস্টকে স্মরণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

ভাষণে ড. মুহাম্মদ ইউনূস

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এক আবেগঘন স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া নিজের বিদায়ী ভাষণে তিনি ওই দিনটিকে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য এবং মহাযুক্তির দিন হিসেবে অভিহিত করেন। 

ড. ইউনূস বলেন, ৫ আগস্ট ছিল এক অবিস্মরণীয় আনন্দের মুহূর্ত, যা কেবল দেশে থাকা সাধারণ মানুষকেই নয় বরং বিদেশে অবস্থানরত প্রবাসীদেরও আপ্লুত করেছিল। সেদিন খুশিতে দেশের প্রতিটি মানুষের চোখে পানি ছিল বলে তিনি মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তরুণ প্রজন্মের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, ছাত্র-ছাত্রীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে একটি বড় সংকট বা দৈত্যের গ্রাস থেকে উদ্ধার করে এনেছে। 

তবে দেশ স্বাধীনের পর রাষ্ট্র পরিচালনার পথটি মোটেও মসৃণ ছিল না। ৫ আগস্টের পর দেশের তৎকালীন সামগ্রিক রাষ্ট্রযন্ত্র কার্যত অচল হয়ে পড়েছিল। সেই অচল রাষ্ট্রকে কীভাবে পুনরায় সচল করা যায় এবং জনজীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়, তা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।সরকার গঠনের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস জানান, ছাত্রনেতাদের অনুরোধেই তিনি এই গুরুদায়িত্ব গ্রহণে সম্মত হয়েছিলেন। সেই সময়ে তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন এবং শুরুতে রাষ্ট্র পরিচালনার সরাসরি দায়িত্বে আসতে রাজি ছিলেন না। 

কিন্তু ছাত্রনেতারা যখন তাকে জাতির ক্রান্তিলগ্নে কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এবং দেশের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান, তখন তিনি তাদের প্রস্তাব গ্রহণ করেন। তরুণদের সেই অদম্য ইচ্ছা এবং জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের পথচলা শুরু হয়।

বিগত ১৮ মাসের শাসনামল নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। এখন সময় এসেছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের। রাষ্ট্রকে সচল ও স্থিতিশীল করার যে লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছিলেন, তার একটি পর্যায় সফলভাবে শেষ হয়েছে বলে তিনি মনে করেন। দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে তিনি পুরো দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৫ আগস্টের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।