রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:২৪ এএম

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

বন্ধ হচ্ছে প্রধান উপদেষ্টার পেজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি সকালে পেজটির ভেরিফায়েড হ্যান্ডেল থেকে এক বিশেষ পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসনের ডিজিটাল উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

পেজটিতে দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাসের দীর্ঘ সময়কালজুড়ে দেশবাসীর অকুন্ঠ সমর্থন, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। 

এতে আরও বলা হয়, সাধারণ মানুষের সমর্থন, গঠনমূলক সমালোচনা এবং সক্রিয় সহযোগিতা অন্তর্বর্তী সরকারের এই যাত্রাকে আরও সমৃদ্ধ ও মূল্যবান করেছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন দেশজুড়ে নতুন নির্বাচিত সরকারের শপথ ও দায়িত্ব গ্রহণের আমেজ বিরাজ করছে। গত মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন কাঠামোর বিভিন্ন সরকারি মাধ্যমগুলো পর্যায়ক্রমে বিলুপ্ত বা স্থবির হয়ে পড়ছে।

উল্লেখ্য, গতকাল দুপুর থেকেই জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মহোৎসব শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এরপর একে একে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সরকার এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক সকল প্রচার মাধ্যম বন্ধ হওয়া স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।