ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:২১ পিএম
জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ এবং সাংবাদিকতার মান উন্নয়নে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, বর্তমান সরকার গণমাধ্যমের সামগ্রিক ব্যবস্থাপনাকে একটি আধুনিক ও যুগোপযোগী কাঠামোর আওতায় আনতে কাজ করছে।জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছিল তখন বর্তমানের মতো উন্নত তথ্যপ্রযুক্তিভিত্তিক মাধ্যম ছিল না।
বর্তমান সময়ের দ্রুত বিবর্তিত তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে গণমাধ্যমকে যেভাবে প্রস্তুত করা প্রয়োজন ছিল, বিগত সময়ে তা পর্যাপ্তভাবে করা সম্ভব হয়নি। তিনি দায়িত্ব গ্রহণের পর সরকারের নীতিনির্ধারক পর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে উল্লেখ করেন।
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সংবাদ মাধ্যমকে আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।মতবিনিময় সভার আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেক বিতরণ করেন। অনুষ্ঠানে মোট ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে ২ কোটি ১৭ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়। সরকারের এই উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন