মার্চ ৪, ২০২৬, ১০:৫৩ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
পল কাপুর গত মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরে বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন স্তরের নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বুধবারের নির্ধারিত সূচি অনুযায়ী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যায় তিনি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।সফরের দ্বিতীয় দিনে পল কাপুর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। সূচি অনুযায়ী সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিকেলের দিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাজনৈতিক কর্মসূচির বাইরে তিনি এদিন শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য যে, পল কাপুর গত বছরের ২২ অক্টোবর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ এশীয় অঞ্চলে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন