সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশের ১০ এসপিকে বদলি ও নতুন নিয়োগের প্রজ্ঞাপন

জাতীয় ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৫:১৪ পিএম

পুলিশের ১০ এসপিকে বদলি ও নতুন নিয়োগের প্রজ্ঞাপন

পুলিশের ১০ এসপি বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়ে পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশের মাধ্যমে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অন্যদিকে বগুড়ার বর্তমান পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে এবং তার স্থলে জামালপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুরের নতুন পুলিশ সুপার হিসেবে ডিএমপির উপকমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।