মার্চ ১২, ২০২৬, ১০:৪৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সারা দেশের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তটি দেশের ধর্মীয় ব্যক্তিত্বদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সরকারের এই প্রকল্পের আওতায় কেবল মুসলিম সম্প্রদায়ের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাই নন, বরং হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ও সেবাইত এবং বৌদ্ধ সম্প্রদায়ের বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
অর্থাৎ দেশের সকল প্রধান ধর্মের উপাসনালয়গুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা এখন থেকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে সরকারি আর্থিক সুবিধা লাভ করবেন।ধর্মীয় প্রতিনিধিদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই প্রকল্পের মাধ্যমে ধর্মীয় প্রতিনিধিদের একটি নির্দিষ্ট ডাটাবেজের আওতায় আনা হয়েছে, যার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরাসরি তাদের কাছে ভাতার অর্থ পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, উদ্বোধনী অনুষ্ঠানের পর পর্যায়ক্রমে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত ধর্মীয় প্রতিনিধিদের কাছে এই ভাতার অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হবে। এই পদক্ষেপের ফলে প্রান্তিক পর্যায়ের ধর্মীয় নেতারা অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী হবেন বলে আশা করা হচ্ছে। এটি মূলত জাতীয় সংহতি এবং ধর্মীয় সম্প্রীতি জোরদার করার লক্ষে সরকারের একটি সুপরিকল্পিত পদক্ষেপ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন