মার্চ ১৩, ২০২৬, ০৫:৫৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ)। এই অধিবেশনে যোগ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা এবং কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে সংসদের প্রথম দিন পার করার পর আজ এক আবেগঘন স্মৃতিচারণায় মেতেছেন তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন হাসনাত।আজ শুক্রবার (১৩ মার্চ) দেওয়া ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “বাংলাদেশ আপনাকে মিস করছে, ভাই; আপনার কণ্ঠ ছাড়া সংসদ অসম্পূর্ণ মনে হচ্ছে।
বিপ্লব ও আন্দোলনের দীর্ঘ লড়াইয়ে হাদির অভাব যে তিনি সংসদের ভেতরেও অনুভব করছেন, তার এই ছোট বার্তায় সেই গভীর শূন্যতাই ফুটে উঠেছে।পোস্টটির সঙ্গে হাসনাত একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, কোনো একটি রাজনৈতিক মিছিলে হাসনাত আব্দুল্লাহ ও শরিফ ওসমান হাদি পাশাপাশি হাঁটছেন।
ছবিতে হাদি হাসনাতের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছেন, যা তাদের মধ্যকার গভীর বন্ধুত্ব ও সহযোদ্ধার সম্পর্কের সাক্ষ্য দেয়।উল্লেখ্য, গত বছরগুলোতে ছাত্র-জনতার বিভিন্ন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শহীদ শরিফ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি রাজপথে সরব ছিলেন। তার অকাল প্রস্থান এবং দেশের এই নতুন সংসদীয় যাত্রায় তার অনুপস্থিতি হাসনাত আব্দুল্লাহর মতো সহযোদ্ধাদের মনে বারবার দাগ কেটে যাচ্ছে। হাসনাতের এই পোস্টটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং নেটিজেনরা হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন